
ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বাড়ল আরও একটি। এতদিন কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস চলাচল করলেও এবার এই রুটে যুক্ত হলো মহানগর এক্সপ্রেস। এতে ঢাকা থেকে কক্সবাজার যাতায়াতের সুযোগ বাড়ার পাশাপাশি পথে থাকা বিভিন্ন স্টেশনের যাত্রীরাও সরাসরি ট্রেনে পর্যটন নগরীটিতে যাওয়ার সুবিধা পাবেন।
সোমবার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে মহানগর এক্সপ্রেসের রুট সম্প্রসারণ অনুষ্ঠানে রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী রেল খাতকে ঢেলে সাজানোর কাজ চলছে। আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে রেল খাতে প্রত্যাশিত ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রেলমন্ত্রী জানান, রেলওয়ের বহরে ইতোমধ্যে ২০০টি নতুন কোচ যুক্ত হয়েছে। শিগগিরই আরও ২০০টি কোচ যুক্ত করা হবে। এতে যাত্রীসেবার মান উন্নয়নের পাশাপাশি রেল যোগাযোগের সক্ষমতাও বাড়বে।

রেল খাতে দুর্নীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে লোকোমোটিভ কেনাকাটায় অনিয়মের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা চলছে। এ ছাড়া ট্রেনের টিকিট কালোবাজারি ও রেললাইনে পাথর ছোড়ার মতো অপরাধ প্রতিরোধে প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

চলমান নাশকতা প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, অপতৎপরতা পুরোপুরি নির্মূল করা সম্ভব না হলেও যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
যেসব স্টেশনের যাত্রীরা পাবেন সুবিধা
মহানগর এক্সপ্রেসের রুট কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করায় ঢাকা বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনের যাত্রীরা সরাসরি কক্সবাজার যাতায়াতের সুযোগ পাবেন।
এতদিন ঢাকা থেকে কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস বিরতিহীনভাবে চলাচল করায় এসব স্টেশনের যাত্রীরা সরাসরি ট্রেনে কক্সবাজার যাওয়ার সুযোগ পেতেন না। মহানগর এক্সপ্রেসের রুট সম্প্রসারণের ফলে এসব এলাকার যাত্রীদের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে পর্যটক পরিবহন ও রেলওয়ের আয় বাড়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।
১৬টি কোচ, সর্বনিম্ন ভাড়া ৬৮৫ টাকা
ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস চলবে ১৬টি কোচ নিয়ে। ট্রেনটিতে আসনসংখ্যা ৭০৬ থেকে ৭৩৬টির মধ্যে থাকবে বলে জানানো হয়েছে। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ রোববার।
নির্ধারিত সূচি অনুযায়ী নতুন রুটে ট্রেন চলাচলের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গত ১৬ অক্টোবর থেকে এই রুটের টিকিট বিক্রিও শুরু হয়েছে।
ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত মহানগর এক্সপ্রেসের শোভন চেয়ার আসনের ভাড়া ৬৮৫ টাকা। আর এসি চেয়ারসহ অন্যান্য শ্রেণির আসনভেদে সর্বোচ্চ ভাড়া ১ হাজার ৫৭০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে সর্বনিম্ন ভাড়া ২৪০ টাকা এবং এসি শ্রেণিতে সর্বোচ্চ ভাড়া ৫৪৭ টাকা পর্যন্ত।
যাত্রীরা বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট, ‘রেল সেবা’ (Rail Sheba) মোবাইল অ্যাপ এবং অনুমোদিত রেলস্টেশনের কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।
মহানগর এক্সপ্রেসের রুট সম্প্রসারণের ফলে ঢাকা ও কক্সবাজারের মধ্যে রেল যোগাযোগ আরও বিস্তৃত হবে। বিশেষ করে মধ্যবর্তী স্টেশনগুলোর যাত্রীদের জন্য এটি নতুন সুযোগ তৈরি করবে। পাশাপাশি পর্যটন মৌসুমে কক্সবাজারগামী যাত্রীদের চাপ সামলাতেও নতুন ট্রেনটি ভূমিকা রাখতে পারে বলে আশা সংশ্লিষ্টদের।


