
বাংলাদেশে বিদেশি পর্যটকদের কাছে পণ্য ও সেবা বিক্রি করে অর্জিত বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ নিজস্ব বৈদেশিক মুদ্রা (এফসি) হিসাবে সংরক্ষণের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সুবিধার আওতায় থাকছে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, শপিংমল, খুচরা বিক্রয়কেন্দ্রসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান।
বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, আন্তর্জাতিকভাবে ইস্যু করা কার্ড এবং অনুমোদিত অন্যান্য পরিশোধ পদ্ধতির মাধ্যমে সম্পন্ন লেনদেন থেকে অর্জিত বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে। এ বিষয়ে বৈদেশিক মুদ্রা লেনদেনে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অর্জিত বৈদেশিক মুদ্রার অবশিষ্ট ৮৫ শতাংশ বাংলাদেশি টাকায় রূপান্তর করতে হবে। অন্যদিকে, এফসি হিসাবে সংরক্ষিত অর্থ চলতি হিসাবের আওতায় বৈধ বৈদেশিক মুদ্রার দায় পরিশোধে ব্যবহার করা যাবে। এর মধ্যে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে করা অর্থ পরিশোধও অন্তর্ভুক্ত থাকবে।

নির্দেশনায় সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে প্রযোজ্য কর ও মূল্য সংযোজন কর (ভ্যাট) যথাযথভাবে কর্তন এবং সরকারি কোষাগারে জমা নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি, ব্যবসাপ্রতিষ্ঠানগুলো যাতে আন্তর্জাতিক কার্ডসহ অনুমোদিত অন্যান্য পদ্ধতিতে অর্থ গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা রাখে, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া গ্রাহক পরিচিতি (কেওয়াইসি), অর্থপাচার প্রতিরোধ এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধসংক্রান্ত বিধিবিধান যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকে নির্ধারিত প্রতিবেদন দাখিলের শর্তও মেনে চলতে হবে সংশ্লিষ্ট ব্যাংক ও প্রতিষ্ঠানগুলোকে।


