আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনকে সামনে রেখে রাজধানীর ফকিরাপুল, পল্টন ও বিজয়নগর এলাকায় একটি নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
“আটাব গণতান্ত্রিক ফ্রন্ট” প্যানেলের উদ্যোগে আয়োজিত এই সভায় সাধারণ সদস্যদের ব্যাপক উপস্থিতির মধ্যে প্যানেলের পক্ষ থেকে সংগঠনকে আধুনিক ও গতিশীল করে গড়ে তোলার লক্ষ্যে নির্বাচনী ইশতেহার তুলে ধরা হয়।
সভায় বক্তারা ট্রাভেল এজেন্সি ব্যবসার বিদ্যমান সংকট নিরসন এবং সদস্যদের অধিকার সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
আটাবের সাবেক সভাপতি আব্দুস সালাম আরেফ বলেন, সব ট্রাভেল এজেন্সি যাতে এয়ারলাইনের সঙ্গে সরাসরি ব্যবসা করতে পারে এবং সমান সুযোগ পায়, সে লক্ষ্যে তারা কাজ করেছিলেন, তবে তাদের কমিটি বাতিল করে দেওয়া হয়েছিল। তিনি অসমাপ্ত কাজ শেষ করার জন্য ইব্রাহিম-নান্টু প্যানেলকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান।
সাবেক মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ ২০২৪-২০২৫ মেয়াদের কমিটির কার্যক্রম তুলে ধরে বলেন, টিকিট সিন্ডিকেট বন্ধে সরকারকে বলে তারা বেনামি টিকিট মজুতদারি বন্ধ করেছিলেন, আর এ কারণেই সিন্ডিকেট সংশ্লিষ্টরা কমিটিকে কাজ করতে দেয়নি এবং এখনো তাদের নাজেহাল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বক্তারা ‘আরেফ-আফসিয়া পরিষদ’-এর বিগত দিনের বাধা পেরিয়ে অবিচল থাকার কথা স্মরণ করেন। গ্লোবাল এভিয়েশনের হায়াতুন নবী মজুমদার সেই ধারাবাহিকতা বজায় রাখতে “আটাব গণতান্ত্রিক ফ্রন্ট”-কে জয়যুক্ত করার আহ্বান জানান।
আটাবের সাবেক মহাসচিব জিন্নুর আহমেদ চৌধুরী দিপু ট্রাভেল সেক্টরের ব্যবসায়িক পরিবেশ ও আইনি সুরক্ষার ওপর জোর দিয়ে বলেন, অনলাইন ট্রাভেল এজেন্সিগুলোর জন্য সুষ্ঠু নীতিমালা প্রণয়ন এবং টিকিট সিন্ডিকেট ও কৃত্রিম সংকট কঠোরভাবে দমন করে বাজারে সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করা প্রয়োজন।
এ্যারোড্রম ইন্টারন্যাশনালের নুরুল আলম বলেন, এয়ারলাইন কর্তৃক ট্রাভেল এজেন্সির ওপর চাপিয়ে দেওয়া অযৌক্তিক ডিপোর্টি চার্জ আলোচনার মাধ্যমে রহিত করা এবং ব্যাংক ক্রেডিট কার্ডের মাধ্যমে অতিরিক্ত ছাড়ে টিকিট বিক্রি বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

