দেশের বেসরকারি বিমান পরিবহন খাতে বড় বিনিয়োগের ঘোষণা দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে বহরে ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে আন্তর্জাতিক রুটে দেশীয় এয়ারলাইনসের অংশীদারত্ব বাড়িয়ে ইউএস-বাংলাকে একটি পূর্ণাঙ্গ বৈশ্বিক এভিয়েশন গ্রুপে রূপান্তরের রূপরেখাও তুলে ধরা হয়েছে।
আজ বুধবার (২৯ জুলাই) রাজধানীর শেরাটন ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে ধাপে ধাপে বহরে যুক্ত হবে ১৫টি অত্যাধুনিক বোয়িং ৭৩৭-৮ ও ছয়টি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ।
অনুষ্ঠানে ইউএস-বাংলা গ্রুপ ও ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, বর্তমানে বাংলাদেশের আন্তর্জাতিক আকাশপথে প্রায় ৭০ শতাংশ যাত্রী বিদেশি এয়ারলাইনস বহন করছে। নতুন উড়োজাহাজ যুক্ত হওয়ার ফলে আন্তর্জাতিক রুটে দেশীয় এয়ারলাইনসের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং বৈদেশিক মুদ্রার বড় একটি অংশ দেশে রাখা সম্ভব হবে।
আবদুল্লাহ আল মামুন আরও বলেন, ইউএস-বাংলার লক্ষ্য শুধু একটি সফল এয়ারলাইনস পরিচালনা নয়; বরং কার্গো, মেইনটেন্যান্স, রিপেয়ার অ্যান্ড ওভারহল (এমআরও), ফ্লাইট ক্যাটারিং, এভিয়েশন প্রশিক্ষণ সুবিধাসহ একটি পূর্ণাঙ্গ এভিয়েশন ইকোসিস্টেম গড়ে তোলা।

