
জাপানের সঙ্গে আকাশপথে যোগাযোগ আরও জোরদার করতে ঢাকা–নারিতা রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২৯ অক্টোবর থেকে সপ্তাহে একটি ফ্লাইটের পরিবর্তে দুটি ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের জাপান সফরের মধ্যেই চালু হচ্ছে নতুন এই ফ্লাইট।
শনিবার বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)কে বিমানের পরিচালক (বিপণন ও বিক্রয়) মো. আশরাফুল আলম জানান, আগামী বৃহস্পতিবার থেকে ঢাকা–নারিতা–ঢাকা রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালিত হবে। প্রতি সোমবার ও বৃহস্পতিবার এই রুটে চলাচল করবে বিমানের উড়োজাহাজ।
প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়বেন। চার দিনের সরকারি সফর শেষে বৃহস্পতিবার নারিতা থেকে বিমানের নতুন চালু হওয়া ফ্লাইটে তাঁর দেশে ফেরার কথা রয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এই সফরে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় আলোচনা হওয়ার কথা রয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, বিমান চলাচল ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হতে পারে।

চলতি বছরের ২৭ জুলাই এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর ঢাকা–নারিতা রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করে বিমান। শুরুতে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হলেও যাত্রীদের সাড়া, বাণিজ্যিক সম্ভাবনা ও উড়োজাহাজের প্রাপ্যতা বিবেচনায় ফ্লাইটের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা ছিল সংস্থাটির।

জাপানে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীদের বড় একটি অংশের জন্য সরাসরি এই আকাশপথ গুরুত্বপূর্ণ। দেশটিতে ৪০ হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মী রয়েছেন বলে ধারণা করা হয়। ফ্লাইটের সংখ্যা বাড়লে তাঁদের যাতায়াতে আরও নমনীয়তা আসবে। একই সঙ্গে দুই দেশের মধ্যে পর্যটন, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও জনসম্পর্ক বাড়ানোর সুযোগও তৈরি হবে।
এদিকে, নারিতাকে ট্রানজিট কেন্দ্র হিসেবে ব্যবহার করে যাত্রীদের আরও বিস্তৃত গন্তব্যে পৌঁছে দেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে বিমান। এ লক্ষ্যে জাপান এয়ারলাইনস ও এয়ার কানাডার সঙ্গে কোডশেয়ার চুক্তির সম্ভাবনা নিয়েও কাজ করছে সংস্থাটি। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে সমন্বিত টিকিট ও ব্যাগেজ ব্যবস্থার আওতায় নারিতা হয়ে উত্তর আমেরিকা ও এশিয়ার বিভিন্ন গন্তব্যে যাতায়াতের সুযোগ বাড়তে পারে।
উল্লেখ্য, ১৭ বছর বন্ধ থাকার পর ২০২৩ সালের সেপ্টেম্বরে ঢাকা–নারিতা রুটে সরাসরি ফ্লাইট চালু করেছিল বিমান। তবে উড়োজাহাজ সংকট, পরিচালন ব্যয় ও বাণিজ্যিক বিবেচনায় ২০২৫ সালের ১ জুলাই আবারও এ রুটের কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে চলতি বছরের জুলাইয়ে পুনরায় ফ্লাইট চালু করা হয়।
সপ্তাহে দ্বিতীয় ফ্লাইট চালুর মধ্য দিয়ে ঢাকা–নারিতা রুটে যাত্রীসেবা বাড়ানোর পাশাপাশি রুটটির বাণিজ্যিক সম্ভাবনা আরও শক্তিশালী করতে চায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস।


