
রাজধানীতে তিনদিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা ‘বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬’ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শুরু হচ্ছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরেন আয়োজকেরা। এতে সভাপতিত্ব করেন টোয়াবের সভাপতি মোহাম্মদ হানিফ। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় এ মেলা চলবে আগামী শনিবার (৩১ অক্টোবর) পর্যন্ত। অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর উদ্যোগে এই মেলার উদ্যোক্তা।
টানা ১৩টি সফল আয়োজনের পর এবার বসছে মেলার ১৪তম আসর। এবারের প্রতিপাদ্য—‘এআই পাওয়ার ট্যুরিজম, সাসটেইনেবল ডেস্টিনেশন’। কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি পরিবেশবান্ধব পর্যটনের বিকাশ এবং বৈশ্বিক পর্যটন সংযোগ জোরদার করাই এবারের আয়োজনের মূল লক্ষ্য।

আয়োজকদের তথ্য অনুযায়ী, মেলায় নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ, ফিলিপাইন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, সৌদি আরব, মালয়েশিয়া, আজারবাইজানসহ ২০টিরও বেশি দেশের পর্যটন প্রতিনিধি ও বিভিন্ন সংস্থা অংশ নেবে। মেলার টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

এবারের মেলায় ২০০টির বেশি বুথ ও স্টল, ২২০ জনের বেশি প্রদর্শক, ২৫০ জনের বেশি সম্ভাব্য ক্রেতা এবং আড়াই হাজারের বেশি ট্রেড ভিজিটরের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি ৬০ হাজারের বেশি দর্শনার্থীর সমাগমের লক্ষ্য রয়েছে আয়োজকদের। এয়ারলাইন্স, হোটেল ও ট্যুর অপারেটরদের অংশগ্রহণে বিভিন্ন থিমভিত্তিক প্রদর্শনী ও ব্যবসায়িক কার্যক্রমের মাধ্যমে দেশি-বিদেশি পর্যটন উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ বাড়ানোর সুযোগ তৈরি হবে।
সংবাদ সম্মেলনে টোয়াব সভাপতি মোহাম্মদ হানিফ বলেন, বিগত ১৩টি সফল আয়োজনের ধারাবাহিকতায় বিটিটিএফ দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। দেশের পর্যটন সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার পাশাপাশি ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং নতুন বাণিজ্যিক সম্ভাবনা তৈরিতে এ মেলা ভূমিকা রাখবে।
মেলার সার্বিক সহযোগিতায় রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ এবং এফবিসিসিআইসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান।
এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ারলাইন্স পার্টনার এবং ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট প্ল্যাটিনাম হসপিটালিটি পার্টনার হিসেবে যুক্ত রয়েছে। মেলায় প্রযুক্তি, পরিবহন, পেমেন্ট, ডিজিটাল সেবা ও অডিও-ভিজ্যুয়াল খাতের বিভিন্ন প্রতিষ্ঠানও সহযোগী হিসেবে অংশ নিচ্ছে।
আয়োজকদের প্রত্যাশা, এবারের বিটিটিএফ দেশের পর্যটনশিল্পের সম্ভাবনা তুলে ধরা, বিদেশি পর্যটক আকৃষ্ট করা এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পর্যটন ব্যবসার নতুন সুযোগ সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখবে।


