
সৌদি আরবের আকাশপথে নিরাপত্তাজনিত বিধিনিষেধের প্রভাব পড়েছে বাংলাদেশের ফ্লাইট চলাচলে। এতে বাংলাদেশ থেকে সৌদিগামী ও ট্রানজিট রুটের ১৪১টি ফ্লাইট বাতিল হয়েছে। ভোগান্তিতে পড়েছেন প্রায় ২২ হাজার যাত্রী।
শুক্রবার রাত সোয়া ১১টায় এ তথ্য জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ।
তিনি জানান, নিরাপত্তাজনিত কারণে বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৬৬টি সরাসরি এবং ৭৫টি ট্রানজিট ফ্লাইট।

বাতিল হওয়া সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৯টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৭টি ফ্লাইট বাতিল হয়েছে।
কাওছার মাহমুদ আরও জানান, সৌদি আরবের বিমান চলাচল পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট বাতিলের এ ধারা অব্যাহত থাকতে পারে। ফলে যাত্রীদের ভোগান্তিও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।


