
ফ্রান্সে বিক্ষোভ ও সহিংসতার ঘটনায় দেশটিতে অবস্থানরত ও ভ্রমণ করতে যাওয়া নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে চীন ও জার্মানি। একই সঙ্গে স্থানীয় পরিস্থিতির ওপর নজর রাখা, নিরাপত্তা সতর্কতা বাড়ানো এবং বিক্ষোভের স্থানগুলো এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে দেশ দুটি।
চীনের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সে অবস্থানরত নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে স্থানীয় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা এবং বিক্ষোভ ও দাঙ্গাপ্রবণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে, ফ্রান্সে চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভ্রমণসংক্রান্ত নির্দেশনা হালনাগাদ করেছে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়। ফ্রান্সে থাকা জার্মান নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি সম্ভব হলে বিক্ষোভের স্থানগুলো এড়িয়ে চলতে বলা হয়েছে।

বিক্ষোভ ঘিরে সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গণতান্ত্রিক দেশগুলোর রাস্তায় সহিংসতার কোনো স্থান নেই।


গত শনিবার ফ্রান্সজুড়ে আয়োজিত বিক্ষোভে পাঁচ লাখের বেশি মানুষ অংশ নেন। এসব বিক্ষোভের কয়েকটি স্থানে সহিংসতার ঘটনা ঘটে। এ ঘটনায় আড়াই হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। এ ছাড়া রাজধানী প্যারিসে বিক্ষোভ চলাকালে একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।


