
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি সোমবার আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসে তাদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা করবে। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
রোববার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে হেডম্যান-কারবারীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। তিনি বলেন, বিভিন্ন সংগঠনের ব্যানারে আন্দোলনের মাধ্যমে একটি সশস্ত্র সংগঠনকে সাজেক থেকে বের করে দেওয়ার দাবি জানানো হচ্ছে। তবে তার ভাষ্য, দুটি সংগঠনই সশস্ত্র হওয়ায় একটিকে বের করে দেওয়ার সুযোগ নেই। নিরাপত্তা বাহিনী দুটি সশস্ত্র সংগঠনকেই বের করে দেবে।
এদিকে, রাঙামাটির সাজেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পাহাড়ে সক্রিয় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। আজ রবিবার (২৫ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।



