
বাংলাদেশের বাজারে সিঙ্গাপুরের জনপ্রিয় কফি ব্র্যান্ড ম্যাককফি নিয়ে এসেছে এসিআই বেভারেজেস। এসিআই ফুডস লিমিটেডের কৌশলগত ইউনিট এসিআই বেভারেজেস, সিঙ্গাপুরভিত্তিক ফুড এম্পায়ার হোল্ডিংস লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান এম্পায়ার ইন্টারন্যাশনাল এসডিএন. বিএইচডির সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে ব্র্যান্ডটি দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। এতে সহযোগিতা করেছে মিৎসুই অ্যান্ড কো. (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি।
বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বনশ্রী ডি ব্লকের স্বপ্নের একটি ফ্ল্যাগশিপ আউটলেটে ম্যাককফির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এসিআইয়ের পক্ষে উপস্থিত ছিলেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম এবং এসিআই ফুড অ্যান্ড বেভারেজের এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার জাকির ইবনে হাই। এম্পায়ার ইন্টারন্যাশনালের পক্ষে ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক প্রদীপ চৌহান ও জেনারেল ম্যানেজার তান বুন হুয়া। এছাড়া মিৎসুই অ্যান্ড কো.-এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের কান্ট্রি চেয়ারপারসন ও ঢাকাস্থ শাখার প্রতিনিধি কেনিচিরো কাওয়ামোটো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশের বাজারে ম্যাককফির যাত্রার মধ্য দিয়ে এসিআই বেভারেজেসের পানীয় পণ্যের পরিসর আরও বড় হলো। এসিআই বেভারেজেস কর্তৃপক্ষ জানায়, সানকুইক ও এসিআই ইলেকট্রোলাইট ড্রিংকসের ধারাবাহিক জনপ্রিয়তার পর দেশের কফিপেমিদের প্রিমিয়াম স্বাদ উপহার দিতেই এসিআই-এর এই নতুন সংযোজন।

ম্যাককফি বর্তমানে বিশ্বের ৬০টিরও বেশি দেশে ভোক্তাদের কাছে পরিচিত একটি কফি ব্র্যান্ড হিসেবে বাজারজাত হচ্ছে। প্রাথমিকভাবে বাংলাদেশে ম্যাককফি অরিজিনাল ও ম্যাককফি গোল্ড—এই দুই ধরনের কফির জার পাওয়া যাবে। ভবিষ্যতে দেশে ম্যাককফির পণ্য স্থানীয়ভাবে প্যাকেজিংয়ের পাশাপাশি বাজারে নতুন পণ্য আনার পরিকল্পনাও রয়েছে।
এসিআই বেভারেজেসের প্রত্যাশা, আন্তর্জাতিকভাবে পরিচিত এই ব্র্যান্ডের মাধ্যমে বাংলাদেশের ক্রমবর্ধমান কফিপ্রেমীদের জন্য নতুন ধরনের কফির অভিজ্ঞতা তৈরি হবে।


