বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন , প্রবাসী ভাইদের সকল ধরণের সুযোগ সুবিধা নিশ্চিতে উদ্যোগ নেয়া হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট এবং বলাকা লাউঞ্জ ব্যবহারে বিশেষ ডিসকাউন্ট প্রদানের নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতোমধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সাধারণের সুবিধার্থে শাটল বাস সার্ভিস চালু করেছি। প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর।
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল মোটেল গুলোতেও আমরা প্রবাসীদের জন্য বিশেষ ছাড় প্রদানের বিষয়ে ভাবছি। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রবাসীদের জন্য Priority Check in ও Boarding সুবিধা প্রদানের ব্যবস্থাও গ্রহণ করা হবে। এসকল সুবিধা মিলবে বর্তমান সরকারের প্রবাসী কার্ডের মাধ্যমে।
আজ মঙ্গলবার (২১ জুলাই) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রবাসী কার্ড বিতরণে বিমানবন্দর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী এসব কথা বরেছেন । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক, এমপি।
সভার শুরুতে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অন্তর্ভুক্ত প্রবাসী কার্ড বাস্তবায়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর কাছে বিভিন্ন সহযোগিতার ক্ষেত্রসমুহ উপস্থাপন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি।
সভায় মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি (এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক) ড. মোঃ শাকিরুল ইসলাম খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও অধস্তন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
