
পাহাড়ের বুকে মেঘের ওড়াউড়ি, সবুজের আঙিনায় প্রকৃতির মায়াবী হাতছানি—আবারও সেই চিরচেনা রূপে ফিরছে সাজেক। চার দিনের নীরবতা ভেঙে পাহাড়ি পথে ফিরেছে পর্যটকদের আনাগোনা। ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই শুক্রবার (১৬ অক্টোবর) সাজেকে পা রেখেছেন প্রায় ৮০০ পর্যটক। তাদের পদচারণায় প্রাণ ফিরতে শুরু করেছে পাহাড়ের পর্যটনকেন্দ্রগুলোতে, স্বস্তি ফিরেছে স্থানীয় ব্যবসায়ীদের মনেও।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিরাপত্তাসহ বিভিন্ন কারণে গত চার দিন সাজেকে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। এতে ভ্রমণপ্রত্যাশীদের পরিকল্পনায় অনিশ্চয়তা তৈরি হওয়ার পাশাপাশি ক্ষতির মুখে পড়েন পর্যটন খাতের ব্যবসায়ীরা। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় প্রশাসনের সিদ্ধান্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এরপর শুক্রবার সকাল থেকেই খাগড়াছড়ি হয়ে পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে সাজেকের উদ্দেশে যাত্রা শুরু করেন পর্যটকেরা।
সাজেক কটেজ-রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুপর্ণ দেববর্মন জানান, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর প্রথম দিনেই প্রায় ৮০০ পর্যটক সাজেকে পৌঁছেছেন। পাহাড়ের সবুজ প্রকৃতি, মেঘের আনাগোনা আর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে অনেকেই আগাম বুকিং করছেন। পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত রয়েছেন স্থানীয় কটেজ, রেস্তোরাঁ ও পরিবহন ব্যবসায়ীরা।
পর্যটকদের নিরাপত্তার বিষয়ে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী নিরাপত্তাব্যবস্থায় বিশেষ নজরদারি রাখা হচ্ছে। পর্যটকেরা যাতে নির্বিঘ্নে ভ্রমণ করতে পারেন, সে জন্য পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
এদিকে, পর্যটকদের ফিরে আসায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে। কয়েক দিনের বিরতির পর পর্যটন কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। আবহাওয়া ও সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী দিনগুলোতে পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে আশা তাঁদের।

