
ইসরাইলের তেল আবিব থেকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাগামী অস্ট্রিয়ান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে বোমাতঙ্কের ঘটনা ঘটেছে। হুমকির বার্তা পাওয়ার পর উড়োজাহাজটিকে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় জরুরি অবতরণ করানো হয়। এ ঘটনায় উড়োজাহাজের ৫৩ জন যাত্রী ও ছয়জন ক্রুসহ সবাই নিরাপদে রয়েছেন।
বুলগেরিয়ার পরিবহণ মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, রোববার (১৮ অক্টোবর) উড়োজাহাজটি রোমানিয়ার সীমান্তবর্তী এলাকায় পৌঁছালে ক্রুরা বোমাসংক্রান্ত একটি হুমকির বার্তা পান। এরপর যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে বিমানটি সোফিয়ায় অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় বুলগেরীয় বিমানবাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান উড়োজাহাজটিকে পাহারা দিয়ে সোফিয়ার ভাসিল লেভস্কি বিমানবন্দরে নিয়ে আসে।

বুলগেরিয়ার পরিবহণ মন্ত্রণালয় জানায়, উড়োজাহাজটিতে থাকা ৫৩ জন যাত্রী ও ছয়জন ক্রুকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। পরে বিমানটিতে পুঙ্খানুপুঙ্খ নিরাপত্তা তল্লাশি চালানো হয়।
এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা তল্লাশি শেষে যাত্রীদের যত দ্রুত সম্ভব বিকল্প ফ্লাইটে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।
ঘটনার কারণ অনুসন্ধান এবং পরিস্থিতি মোকাবিলায় বুলগেরিয়ার পরিবহণ মন্ত্রণালয় একটি উচ্চপর্যায়ের সংকট মোকাবিলা দল গঠন করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে ছেড়ে যায়। প্রায় তিন ঘণ্টা পর এটি সোফিয়ার বিমানবন্দরে অবতরণ করে।
অন্যদিকে, ফ্লাইটরাডার২৪-এর তথ্য বলছে, উড়োজাহাজটি রাত সোয়া ৯টার দিকে রোমানিয়ার আকাশসীমায় প্রবেশের পর হঠাৎ দক্ষিণ দিকে মোড় নেয় এবং বুলগেরিয়ার দিকে ফিরে যায়। আরেকটি ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, এ সময় উড়োজাহাজটি জরুরি পরিস্থিতির সংকেত হিসেবে ‘স্কোয়াক কোড ৭৭০২’ পাঠাতে শুরু করে।


