
রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে ভ্রমণের ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। ফলে শারদীয় দুর্গাপূজার ছুটিতে পর্যটকদের জন্য আবারও উন্মুক্ত হলো সাজেকের সব পর্যটনকেন্দ্র।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ অক্টোবর জারি করা জরুরি গণবিজ্ঞপ্তির নির্দেশনা পরিবর্তন করে সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়েছে।

জেলা প্রশাসক নাজমা আশরাফী জানান, সাজেক ভ্রমণে এখন আর কোনো বাধ্যবাধকতা নেই।

এর আগে, সাজেক সড়কে দুটি সংগঠনের অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণাকে কেন্দ্র করে গত ১১ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। একই সঙ্গে পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে সাজেক ছেড়ে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
তবে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অবরোধ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয় সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার বিকেলে সংগঠন দুটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে জানানো হয়, ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেক সড়কে অবরোধ স্থগিত থাকবে।
অবরোধ স্থগিতের ঘোষণার পরপরই সাজেক ভ্রমণে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় জেলা প্রশাসন। এর ফলে দুর্গাপূজার ছুটিতে পর্যটকদের সাজেক ভ্রমণের পথ আবারও খুলে গেল।


