
নভেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশি-বিদেশি এয়ারলাইন্সের প্রতিনিধিদের সঙ্গে কক্সবাজার বিমানবন্দরের কার্যক্রম নিয়ে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
বলেন, নভেম্বরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের লক্ষ্যে প্রস্তুতি চলছে। বিমানবন্দরটি চালু হলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সরাসরি কক্সবাজারে আসতে পারবেন বিদেশি পর্যটকরা। এ লক্ষ্য সামনে রেখে চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড ও দুবাইয়ের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালুর সম্ভাবনা নিয়ে কাজ করছে সরকার।
কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিমানবন্দরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করেন বলেন,চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের সঙ্গে কক্সবাজারের সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের সম্ভাবনা রয়েছে। ইউনান স্থলবেষ্টিত প্রদেশ হওয়ায় কক্সবাজার-কুনমিং রুটটি চায়না সাউদার্ন এয়ারলাইন্স ও চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের জন্য সম্ভাবনাময় হতে পারে।

এ ছাড়া মালয়েশিয়ার পেনাংয়ের সঙ্গে কক্সবাজারের সরাসরি ফ্লাইট চালুর লক্ষ্যে কাজ করছে এয়ার এশিয়া। একই সঙ্গে কক্সবাজার-ব্যাংকক-দুবাই রুটে ফ্লাইট চালুর বিষয়ে ফ্লাইদুবাইয়ের আগ্রহকে স্বাগত জানিয়েছেন মন্ত্রী। নতুন রুট চালুর ক্ষেত্রে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে আর্থিক সুবিধা দেওয়ার বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।

সভায় নবনির্মিত বিমানবন্দরের অবকাঠামোগত উন্নয়ন এবং আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা হয়। দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজাররা সরাসরি ফ্লাইট চালুর ক্ষেত্রে তাদের মতামত তুলে ধরেন।


