
সৌদি আরবের বিমানবন্দরে হুথিদের হামলার প্রেক্ষাপটে নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে যাত্রীদের বাড়তি চাহিদা বিবেচনায় ঢাকা–জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে। এদিকে, সাময়িকভাবে বন্ধ থাকার পর রিয়াদ–ঢাকা রুটে বুধবার থেকে সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইট পুনরায় চালুর সম্ভাবনা রয়েছে।
রোববার (২৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ানোর কথা জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের বিমানবন্দরে সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ঢাকা–রিয়াদ ও ঢাকা–দাম্মাম রুটে বিমানের সব ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী আগামী ৪ নভেম্বর পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

এ পরিস্থিতিতে বিকল্প হিসেবে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। যাত্রীদের বাড়তি চাহিদা সামাল দিতে গত ১৬ অক্টোবর থেকে ঢাকা–জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করছে বিমান। এ কার্যক্রম ৪ নভেম্বর পর্যন্ত চলবে। পাশাপাশি ঢাকা–মদিনা রুটে নির্ধারিত সময়সূচি অনুযায়ী বোয়িং ৭৮৭ উড়োজাহাজ দিয়ে নিয়মিত ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

অন্যদিকে, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুথিদের হামলার কারণে সাময়িকভাবে বন্ধ থাকা রিয়াদ–ঢাকা রুটে বুধবার থেকে সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইট পুনরায় চালুর সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) এয়ারলাইন্স কর্তৃপক্ষের বরাত দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
এদিকে, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হামলার পর নিরাপত্তা সতর্কতার অংশ হিসেবে ঢাকা থেকে দেশটির বিভিন্ন গন্তব্যে এ পর্যন্ত মোট ১৪৬টি ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে। এতে অন্তত ২২ হাজার ২৪১ জন যাত্রী দুর্ভোগে পড়েছেন।


