
দেশের পর্যটন খাতের সম্ভাবনা কাজে লাগাতে এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে আন্তর্জাতিক পরিকল্পনাবিদদের মাধ্যমে মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টায় পটুয়াখালীর কুয়াকাটায় দুই দিনব্যাপী পর্যটন কার্নিভালে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
পর্যটনমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড অপরিকল্পিতভাবে পরিচালিত হয়েছে। বিভিন্ন প্রকল্পের নামে লুটপাট হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বর্তমান সরকারের লক্ষ্য পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে পর্যটন খাতকে এগিয়ে নেওয়া।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, কক্সবাজার ও কুয়াকাটাসহ সারা দেশে প্রায় দেড় হাজার পর্যটনকেন্দ্র রয়েছে। তবে এসব কেন্দ্র থেকে প্রত্যাশিত রাজস্ব আদায় হচ্ছে না। পর্যটনকেন্দ্রগুলোকে আরও আকর্ষণীয় করে তোলা, রাজস্ব আয় বাড়ানো এবং বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ সৃষ্টির লক্ষ্যে আন্তর্জাতিক পরিকল্পনাবিদদের সহায়তায় মহাপরিকল্পনা তৈরি করা হবে।

এদিকে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকী জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন পেতে পারে। প্রকল্পটি বাস্তবায়িত হলে কুয়াকাটাসহ দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে।
তিনি আরও বলেন, বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে। বর্তমান সরকার সব উন্নয়ন প্রকল্প মহাপরিকল্পনার আওতায় নেওয়ার উদ্যোগ নিয়েছে। এতে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা কমার পাশাপাশি উন্নয়ন কার্যক্রম আরও সুসংগঠিত হবে।
মতবিনিময় সভায় পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনসহ বরিশাল ও পটুয়াখালী জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


