
সৌদি আরবের বিমানবন্দরগুলোর নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প রুটে আসনসংখ্যা বাড়ানোর পাশাপাশি জেদ্দা রুটে তিনটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করেছে সংস্থাটি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে স্থগিত ফ্লাইট চালু ও সময়সূচি পরিবর্তনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
এদিকে, জরুরি প্রয়োজনে সৌদি আরবে যাওয়া কিংবা সেখান থেকে দেশে ফিরতে আগ্রহী যাত্রীদের জেদ্দা ও মদিনা বিমানবন্দর হয়ে বিকল্প পথে ভ্রমণের পরামর্শ দিয়েছে বিমান।

যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে মদিনা রুটে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের পরিবর্তে বড় আকারের বোয়িং ৭৭৭ উড়োজাহাজ যুক্ত করা হয়েছে। এতে প্রতিটি ফ্লাইটে আসন বেড়েছে ১৪৮টি। পাশাপাশি, আটকে পড়া ও ক্ষতিগ্রস্ত যাত্রীদের যাতায়াতের সুযোগ বাড়াতে জেদ্দা রুটে যুক্ত করা হয়েছে তিনটি অতিরিক্ত ফ্লাইট।

বিমান জানিয়েছে, অতিরিক্ত ফ্লাইট ও আসনসংখ্যা বাড়ানোর মাধ্যমে যাত্রীদের চাপ কমানো এবং বাংলাদেশ-সৌদি আরব রুটে যাতায়াত সহজ করার চেষ্টা চলছে।
রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইটের টিকিটধারী যাত্রীদের টিকিট, বিকল্প ভ্রমণব্যবস্থা ও সর্বশেষ সময়সূচি জানতে নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
সংস্থাটি বলছে, যাত্রীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। পরিস্থিতির পরিবর্তন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।


