
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কক্সবাজার-ঢাকা রুটের একটি উড়োজাহাজের সামনের চাকায় ত্রুটি দেখা দেয়ায় জরুরি অবতরণের পরিস্থিতি তৈরি হয়। পরে বিকল্প পদ্ধতিতে ল্যান্ডিং গিয়ার সম্প্রসারণ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে। উড়োজাহাজটিতে থাকা ৭৮ জন যাত্রী ও চারজন সদস্যসহ মোট ৮২ জনের সবাই নিরাপদে রয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৪৩৬ কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। ড্যাশ-৮ (DH-8) মডেলের উড়োজাহাজটি দুপুর ১টা ৩৫ মিনিটে কক্সবাজার ছেড়ে আসে। নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকায় অবতরণের কথা ছিল।


উড্ডয়নের পর উড়োজাহাজটির ২ নম্বর হাইড্রোলিক সিস্টেমে ত্রুটি দেখা দেয়। এতে সামনের চাকা স্বাভাবিকভাবে সম্প্রসারণে সমস্যা হয়। পরিস্থিতি বিবেচনায় নিয়ে পাইলট দুপুর ২টা ২০ মিনিটে এরিয়া কন্ট্রোলের মাধ্যমে জরুরি পরিস্থিতির কথা জানান। সে সময় উড়োজাহাজটি আনুমানিক ১৮ হাজার ফুট উচ্চতায় অবস্থান করছিল। পরে এরিয়া কন্ট্রোল থেকে ঢাকা টাওয়ারকে বিষয়টি অবহিত করা হয়।

জরুরি বার্তা পাওয়ার পরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করে। বিমানবন্দরের ফায়ার সার্ভিস ও রেসকিউ টিমকে সতর্ক অবস্থায় রাখা হয়। পাশাপাশি, উড়োজাহাজ অবতরণে সহায়তার জন্য মার্শালিংয়ের প্রস্তুতি নেওয়াসহ সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে সমন্বয় ও যোগাযোগ নিশ্চিত করা হয়।
এদিকে, পাইলটের কার্যকর পদক্ষেপে বিকল্প পদ্ধতিতে ল্যান্ডিং গিয়ার সম্প্রসারণ করা সম্ভব হয়। পরে দুপুর ৩টা ৯ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে উড়োজাহাজটি। অবতরণের পর যাত্রী ও ক্রু সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

ঘটনার সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।


