কক্সবাজারের সোনাদিয়া চ্যানেলের মোহনায় ভ্রমণের সময় নিউজিল্যান্ডের চার পর্যটকসহ ‘আইল্যান্ড গার্ল’ নামে একটি কাঠের নৌকা দুর্ঘটনার শিকার হয়েছে। ঢেউয়ের ধাক্কায় নৌকাটি ভেঙে চার পর্যটক সাগরের তলিয়ে যায়। পরে তিন পর্যটককে জীবিত উদ্ধার করা গেলেও একজন এখনো নিখোঁজ রয়েছেন।
গত মঙ্গলবার (২৫ আগস্ট) কক্সবাজারের নাজিরারটেক পয়েন্ট সংলগ্ন সাগরের মোহনায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পানির তীব্র স্রোতের মধ্যে পড়েই নৌকাটি মুহূর্তের মধ্যে ভেঙে যায়।
পরে স্থানীয় বাসিন্দা ও জেলেদের সহযোগিতায় জন এডওয়ার্ড, তার স্ত্রী বেলা এবং ছেলে রালফকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তবে এখনো নিখোঁজ রয়েছেন পরিবারের অন্য সদস্য আলবার্ট।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিধ্বস্ত বোটটিকে অন্য দুটি বোটের সহায়তায় উপকূলে নিয়ে আসা হয়েছে। ভেঙে যাওয়া বোটটির বিভিন্ন অংশ তখনও ছড়িয়ে-ছিটিয়ে ছিল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় জেলেদের ভাষ্য, ‘আইল্যান্ড গার্ল’ ছিল অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি বোট। এতে এসি কক্ষ, ফ্রিজ, রান্নাঘরসহ দীর্ঘ সমুদ্রযাত্রার জন্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের ব্যবস্থা ছিল। অনেকের মতে, এটি ছিল ভাসমান একটি রাজকীয় আবাসনের মতো।
এদিকে নিখোঁজ আলবার্টের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস। সাগরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।
এদিকে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী কালবেলাকে জানান, নৌকাডুবিতে নিউজিল্যান্ডের এক নাগরিক নিখোঁজ ও ৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, নাজিরহাট- সোনাদিয়া দ্বীপ মোহনায় নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড (৭৪), বেলা (৩৬), আলবার্ট (১৬) ও রালফ (১৩) ভ্রমণে যায়। দুর্ঘটনাবশত তাদের নৌকাটি ডুবে যায়। পরবর্তীতে স্থানীয় জেলেরা এডওয়ার্ড, বেলা এবং রালফ কে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড কক্সবাজারের নিকট হস্তান্তর করেন। ওই পরিবারের তৃতীয় সন্তান আলবার্ট নিখোঁজ আছে। কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের ডুবুরি টিম উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন।

