হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধনের লক্ষ্যে সরকারের প্রস্তুতি এগিয়ে চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। একই সঙ্গে সম্ভাব্য উদ্বোধনের সময়সূচি ধরে দ্রুত ‘অপারেশনাল রেডিনেস এন্ড এয়ারপোর্ট ট্রান্সফার’ (ওরাট) (Operational Readiness and Airport Transfer) (ORAT) কার্যক্রম শুরুর ওপর গুরুত্বারোপ করেছেন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
মঙ্গলবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসার (UNO Yoshimasa) সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয় উঠে আসে।
বৈঠকে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে জাপানের অবদান নিয়ে আলোচনা হয়।
মন্ত্রী আফরোজা খানম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চলতি বছরের ১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। নির্ধারিত সময়ের মধ্যে উদ্বোধনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হবে বলেও তিনি জানান।

