
যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন ও শর্তাবলি ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাস। বিশেষ করে বি১/বি২ (B1/B2) ক্যাটাগরির ভিজিটর ভিসায় কী ধরনের কার্যক্রমে অংশ নেওয়া যাবে এবং কোন কাজের জন্য আলাদা ভিসা প্রয়োজন, সে বিষয়ে সতর্ক করেছে দূতাবাস।
বুধবার (২৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের দূতাবাসের প্রকাশিত এক বার্তায় এ পরামর্শ দেওয়া হয়।
বি১ (B1) ভিসা সাধারণত ব্যবসায়িক কাজে স্বল্পমেয়াদি সফরের জন্য দেওয়া হয়। অন্যদিকে, বি২ (B2) ভিসা পর্যটন, অবকাশযাপন, আত্মীয়স্বজন বা বন্ধুদের সঙ্গে দেখা করা এবং নির্দিষ্ট কিছু চিকিৎসাসেবার জন্য ব্যবহৃত হয়।
তবে এ ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে চাকরি করা বা অনুমতি ছাড়া আয়মূলক কাজে যুক্ত হওয়ার সুযোগ নেই। একইভাবে, পড়াশোনা বা দীর্ঘমেয়াদি অবস্থানের মতো কিছু কার্যক্রমের জন্য ভিন্ন ধরনের ভিসা প্রয়োজন হতে পারে।
ভ্রমণের উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভিসা নেওয়া এবং এর শর্তাবলি মেনে চলা গুরুত্বপূর্ণ। ভিসার অনুমোদিত ব্যবহারের বাইরে কোনো কার্যক্রমে যুক্ত হলে অভিবাসনসংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে।

এ কারণে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করার আগে ভিসার ধরন, অনুমোদিত কার্যক্রম ও প্রযোজ্য শর্তগুলো ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাস।

