
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বলাকা ভবনের টিকিট বিক্রয় বুথে কারিগরি জটিলতা দেখা দেওয়ায় আশকোনা হজ ক্যাম্পে টিকিট বিক্রির কাউন্টার পুনরায় চালু করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) থেকে এ কাউন্টারে যাত্রীদের সেবা দেওয়া শুরু হয়েছে।
বুধবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে আশকোনা হজ ক্যাম্পের টিকিট বিক্রয়কেন্দ্রটি আবার চালু করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কাউন্টার থেকে টিকিটসংক্রান্ত সেবা পাওয়া যাবে।

এদিকে, বলাকা ভবনের বিক্রয় বুথে কারিগরি জটিলতার কারণে টিকিট ইস্যু করতে যাত্রীদের আশকোনা হজ ক্যাম্পের পাশাপাশি বিমানের মতিঝিল বিক্রয়কেন্দ্রেও যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে পরবর্তী কোনো পরিবর্তন বা নতুন নির্দেশনা থাকলে তা যথাসময়ে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।


