
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের প্রাণহানির এক সপ্তাহের মাথায় এবার শহরের একটি তারকা হোটেলে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে সুগন্ধা পয়েন্ট-সংলগ্ন দ্য সি প্রিন্সেস হোটেলের নিচতলার পার্কিং এলাকায় আগুন লাগলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় হোটেলে থাকা তিন শতাধিক পর্যটক দ্রুত বেরিয়ে পাশের সৈকতে আশ্রয় নেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
শুক্রবার বিকেল ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। ধোঁয়া দেখতে পেয়ে হোটেলের অতিথিরা দ্রুত ভবন থেকে বেরিয়ে আসেন। তাদের অনেকে পাশের সৈকতে আশ্রয় নেন। খবর পেয়ে বিকেল ৪টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। হোটেলকর্মীদের সহযোগিতায় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে পার্কিং এলাকার জেনারেটরসহ কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, জেনারেটরের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হয়নি।
হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদের জানিয়েছেন, হোটেলে অবস্থানরত সব পর্যটক নিরাপদে আছেন। কর্মীদের দ্রুত তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
এর আগে গত ১৭ অক্টোবর উখিয়ার ইনানী এলাকার পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যু হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেকটি আবাসিক হোটেলে আগুনের ঘটনায় পর্যটকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

