
Table of Contents
ভ্রমণ মানেই শুধু দর্শনীয় স্থান ঘুরে দেখা কিংবা দামি হোটেলে থাকা নয়। অচেনা কোনো শহরের ব্যস্ত সড়কের পাশে দাঁড়িয়ে ধোঁয়া ওঠা খাবারের স্বাদ নেওয়া, ছোট্ট দোকানে স্থানীয় মানুষের সঙ্গে বসে খাওয়া কিংবা রাস্তার পাশে আগুনের আঁচে তৈরি হওয়া খাবারের ঘ্রাণ—এসবও ভ্রমণের আনন্দের বড় অংশ। অনেক পর্যটকের কাছেই তাই কোনো একটি দেশের সংস্কৃতি ও জীবনযাপনকে কাছ থেকে জানার সহজ পথ হয়ে উঠেছে স্ট্রিট ফুড।
নামী রেস্তোরাঁয় খাবার পরিবেশন হয় নির্দিষ্ট নিয়মে, সাজানো প্লেটে। কিন্তু পথের খাবারে থাকে একেবারে ভিন্ন অভিজ্ঞতা। চোখের সামনে রান্না হচ্ছে, চারপাশে মানুষের ব্যস্ততা, বাতাসে মিশে আছে মসলা আর রান্নার ঘ্রাণ—সব মিলিয়ে খাবার হয়ে ওঠে ভ্রমণেরই একটি অংশ। সঙ্গে থাকে স্থানীয় স্বাদ চেনার সুযোগ, যা অনেক সময় দামি রেস্তোরাঁতেও পাওয়া যায় না।


স্বাদের খোঁজে ব্যাংকক থেকে টোকিও
স্ট্রিট ফুডের জন্য বিশ্বজুড়েই পরিচিত বেশ কিছু দেশ। এর মধ্যে সবার আগে আসে থাইল্যান্ডের নাম। রাজধানী ব্যাংককের ব্যস্ত রাস্তা ও রাতের বাজারগুলোতে প্যাড থাই, নুডলস, মশলাদার স্যুপ, গ্রিলড মাংস কিংবা ম্যাংগো স্টিকি রাইসের মতো নানা খাবারের দেখা মেলে। পর্যটকদের কাছে ব্যাংককের স্ট্রিট ফুড যেন শহরটির রাতের জীবনেরই একটি অংশ।
ভিয়েতনামের হ্যানয়ও স্ট্রিট ফুডপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয়। রাস্তার পাশে ছোট ছোট দোকানে বসে ফো, বান মি কিংবা নানা ধরনের নুডলসের স্বাদ নেওয়া যায়। এখানকার খাবারের বিশেষত্ব শুধু স্বাদে নয়, খাবারের সঙ্গে মিশে থাকা স্থানীয় মানুষের দৈনন্দিন জীবনেও।
জাপানের ওসাকাকে অনেক সময় খাবারের শহর বলা হয়। রাস্তার খাবারের মধ্যে তাকোয়াকি ও ওকোনোমিয়াকি বিশেষভাবে জনপ্রিয়। ছোট ছোট দোকানের সামনে দাঁড়িয়ে চোখের সামনে খাবার তৈরি হতে দেখা এবং গরম গরম পরিবেশন নেওয়ার অভিজ্ঞতাই আলাদা।
মেক্সিকো, ভারত ও তুরস্কেও পথের খাবারের জয়জয়কার
এশিয়ার বাইরে মেক্সিকোও স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত। দেশটির রাস্তায় টাকোস, কেসাদিয়া কিংবা বিভিন্ন ধরনের গ্রিলড খাবার পর্যটকদের আকর্ষণ করে। মেক্সিকোর খাবারে ঝাল, মসলা, মাংস ও স্থানীয় উপকরণের ব্যবহার দেশটির খাদ্যসংস্কৃতিকে দিয়েছে আলাদা পরিচয়।
ভারতের স্ট্রিট ফুডের গল্প তো আরও মজার। মুম্বাইয়ের ভাদা পাও, পানি পুরি, দিল্লির চাট, কলকাতার ফুচকা কিংবা দক্ষিণ ভারতের দোসা—শহর বদলালে বদলে যায় স্বাদও। অল্প খরচে নানা ধরনের খাবার চেখে দেখার সুযোগ থাকায় ভারত ভ্রমণে স্ট্রিট ফুড অনেক পর্যটকের তালিকাতেই থাকে।
তুরস্কের ইস্তাম্বুলেও রাস্তার খাবারের রয়েছে আলাদা আবেদন। সিমিত, দোনের কাবাব, মাছের স্যান্ডউইচসহ বিভিন্ন খাবার শহরের ব্যস্ত রাস্তা ও বাজারগুলোতে পাওয়া যায়। অন্যদিকে সিঙ্গাপুরের হকার সেন্টারগুলোতে একই জায়গায় বিভিন্ন সংস্কৃতির নানা খাবারের স্বাদ নেওয়ার সুযোগ রয়েছে। মালয়েশিয়ার পেনাংও স্ট্রিট ফুডের জন্য বিশ্বজুড়ে পরিচিত।
বাংলাদেশেও আছে পথের খাবারের আলাদা আকর্ষণ
বাংলাদেশেও পথের খাবারের রয়েছে নিজস্ব ঐতিহ্য। পুরান ঢাকার অলিগলিতে কাবাব, বাকরখানি, হালিম ও বিরিয়ানির পাশাপাশি ফুচকা-চটপটির দোকানও জমিয়ে রাখে আড্ডা। আবার কক্সবাজারে সমুদ্রভ্রমণের সঙ্গে যোগ হয়েছে বিভিন্ন ধরনের গ্রিলড মাছ, চিংড়ি, কাঁকড়া ও সামুদ্রিক খাবারের স্বাদ। পর্যটকের কাছে তাই অনেক সময় একটি জায়গার খাবারই হয়ে ওঠে সেই জায়গার স্মৃতির অংশ।
স্ট্রিট ফুডের আরেকটি বড় আকর্ষণ—এখানে খাবারের সঙ্গে দেখা মেলে মানুষের গল্প। ছোট্ট একটি ঠেলাগাড়ি কিংবা ফুটপাতের দোকান চালিয়ে কেউ বছরের পর বছর পরিবার চালাচ্ছেন। কেউ আবার বাবার কাছ থেকে শেখা রান্নার কৌশল ধরে রেখেছেন প্রজন্মের পর প্রজন্ম। পর্যটকের কাছে কয়েক মিনিটের খাবারের অভিজ্ঞতা হলেও বিক্রেতার কাছে সেটিই জীবিকার গল্প।
কম খরচে বেশি স্বাদ, তবে সচেতনতাও জরুরি
তবে পথের খাবার উপভোগের ক্ষেত্রে সচেতন থাকাও জরুরি। খাবার তৈরির পরিবেশ, পানি ও উপকরণের পরিচ্ছন্নতা, খাবার কতক্ষণ খোলা অবস্থায় রাখা হয়েছে—এসব বিষয় খেয়াল করা প্রয়োজন। ভিড় আছে এমন দোকান বা চোখের সামনে গরম খাবার তৈরি হচ্ছে—এমন জায়গা বেছে নেওয়া তুলনামূলক নিরাপদ হতে পারে।
ভ্রমণের স্মৃতিতে পাহাড়, সমুদ্র কিংবা ঐতিহাসিক স্থাপনার ছবি যেমন থেকে যায়, তেমনি থেকে যায় কোনো অচেনা শহরের ছোট্ট খাবারের দোকানের স্বাদও। কারণ একটি দেশের খাবার শুধু ক্ষুধা মেটায় না, পরিচয় করিয়ে দেয় তার মানুষ, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে।
তাই পরেরবার ভ্রমণে গেলে শুধু কোথায় থাকবেন আর কী দেখবেন—সেই পরিকল্পনা নয়। তালিকায় রাখুন স্থানীয় কোনো স্ট্রিট ফুডের ঠিকানাও। হয়তো দামি রেস্তোরাঁ নয়, রাস্তার পাশের ছোট্ট সেই দোকানটিই হয়ে উঠবে পুরো ভ্রমণের সবচেয়ে মনে রাখার মতো গল্প।






