
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর লক্ষ্য করে একের পর এক হামলার ঘটনার পর দেশটিতে ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করেছে একাধিক দেশ। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও জাপানের পর এবার নাগরিকদের সৌদি আরব ভ্রমণে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও।
সোমবার (১২ অক্টোবর) দেশ দুটি তাদের নাগরিকদের জন্য এ সতর্কতা জারি করে।
অস্ট্রেলিয়ার বৈদেশিক ও বাণিজ্য বিভাগ নাগরিকদের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। পাশাপাশি সৌদি আরবের অন্যান্য বিমানবন্দরে যাতায়াতের প্রয়োজনীয়তা পুনর্বিবেচনা করতে বলেছে দেশটি।

অন্যদিকে, নিউজিল্যান্ডের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় রিয়াদের প্রধান বিমানবন্দর এবং নাজরান, জাজান ও আসির প্রদেশে যেকোনো ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে সৌদি আরবে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে দেশটি।

এর আগে রোববার (১১ অক্টোবর) ইরান ও হুথি বিদ্রোহীদের হামলার হুমকির কথা উল্লেখ করে সৌদি আরব ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করতে নাগরিকদের পরামর্শ দেয় রিয়াদের মার্কিন দূতাবাস। একই দিনে কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স সৌদি আরবের যেকোনো স্থানে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার নির্দেশনা দেয়।
এ ছাড়া, দক্ষিণ কোরিয়া জরুরি প্রয়োজন ছাড়া নাগরিকদের সৌদি আরব ছেড়ে চলে যাওয়ার এবং নতুন করে ভ্রমণের পরিকল্পনা থাকলে তা বাতিল করার পরামর্শ দিয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরও জেদ্দা ও দাম্মাম শহরে ভ্রমণ এড়িয়ে চলতে বলেছে। পাশাপাশি মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়া সৌদি আরবের অন্য বিমানবন্দরগুলোতে জরুরি প্রয়োজন ছাড়া যাতায়াত না করার পরামর্শ দিয়েছে দেশটি।
এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে অন্তত পাঁচটি হামলার ঘটনার পর এসব সতর্কতা জারি করা হলো। গত রোববার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র আঘাত হানলে একজন নিহত ও ১১ জন আহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগের দিন শনিবার একই বিমানবন্দরে আরেকটি হামলায় ১৩ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন বলে দাবি করা হয়েছে।
গত এক দশকের মধ্যে সৌদি আরবে এটিকে সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে। রবিবারের হামলার দায় কেউ স্বীকার না করলেও এর আগের চারটি হামলার দায় হুথি বিদ্রোহীরা স্বীকার করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।


