
সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট ২১ অক্টোবর পর্যন্ত বাতিল করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
সোমবার এক বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় আগামী ২১ অক্টোবর পর্যন্ত তাদের বিএস-৩৮১ ও বিএস-৩৮২ ফ্লাইট সাময়িকভাবে বাতিল করা হয়েছে। ফ্লাইটের নতুন সময়সূচি নির্ধারণ করা হলে সংশ্লিষ্ট যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।
এ পরিস্থিতিতে যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। ফ্লাইটের সর্বশেষ অবস্থা, পুনরায় টিকিট বুকিং ও অন্যান্য তথ্যের জন্য বিমানবন্দরে যাওয়ার আগে এয়ারলাইন্সের সেলস কাউন্টার অথবা নির্ধারিত ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

এ সংক্রান্ত সহযোগিতার জন্য ০৯৬১৩৭১৩৬০৫, ১৩৬০৫ অথবা +৮৮০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে ইউএস-বাংলা। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে প্রতিষ্ঠানটি।

ঢাকা থেকে বাতিল ১০ ফ্লাইট
রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ পর্যন্ত ১০টি ফ্লাইট বাতিল হয়েছে। সোমবার বিমানবন্দরের ফ্লাইট ম্যানেজমেন্ট বিভাগের পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তা অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি করে, সৌদিয়া এয়ারলাইন্সের তিনটি এবং রিয়াদ এয়ারওয়েজের তিনটি ফ্লাইট রয়েছে।
রিয়াদে ফের হামলা
এদিকে, রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি গোষ্ঠীর নতুন হামলায় এক পাকিস্তানি প্রবাসী নিহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। রোববারের ওই হামলায় আহত হয়েছেন আরও ১১ জন।
এর আগে শনিবার বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ঘটনায় দুই বাংলাদেশিসহ ১৩ জন নিহত এবং ৩০৮ জন আহত হওয়ার খবর দেওয়া হয়। নিহতদের মধ্যে বাংলাদেশের দুজন ছাড়াও সৌদি আরবের চারজন এবং ভারত, যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিশরের একজন করে নাগরিক রয়েছেন। হুতি গোষ্ঠীর হামলা ও বিমানবন্দর বন্ধ থাকার ঘটনায় সৌদি আরবগামী যাত্রীদের ভ্রমণসূচিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে।


