
৩৭৯ যাত্রী নিয়ে দাম্মামের উদ্দেশে ফ্লাইট পরিচালনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সৌদি কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পর বৃহস্পতিবার (২২ অক্টোবর) নির্ধারিত সময়েই ফ্লাইটটি ঢাকা ছেড়ে যায়।
বৃহস্পতিবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দাম্মামের উদ্দেশে যাত্রা করে বিমানের ফ্লাইটটি।বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মুখপাত্র শাহনুর আহমেদ। তিনি জানান, পূর্বঘোষণা অনুযায়ী সকাল ৮টায় ফ্লাইটটি ছেড়ে গেছে।


এর আগে বুধবার (২১ অক্টোবর) সৌদি আরবের দাম্মামে বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় একজন নিহত ও আটজন আহত হন বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর প্রকাশ করে। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়। তাদের সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

দাম্মাম রুটে ২১ অক্টোবর থেকে আবার ফ্লাইট চালু করেছে বিমান। ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এসব ফ্লাইট পরিচালনায় ব্যবহার করা হবে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ।
জেদ্দা রুটেও ফ্লাইট পরিচালনা অব্যাহত রয়েছে। আজ ২২ অক্টোবর ঢাকা থেকে জেদ্দায় দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ ছাড়া ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে।
অন্যদিকে, মদিনা রুটে ১৮ অক্টোবর থেকে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত মদিনাগামী ফ্লাইটের কার্যক্রম ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, সৌদি আরবের বিভিন্ন রুটে ফ্লাইট পরিচালনা ও সময়সূচির বিষয়ে পরবর্তী হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে। টিকিট কেনা, বুকিং এবং ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমানের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।


