
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলার পরিপ্রেক্ষিতে আরোপিত বিধিনিষেধের প্রভাব পড়েছে ঢাকা-সৌদি রুটের ফ্লাইট চলাচলে। এ পর্যন্ত ব্যাহত ও বাতিল হয়েছে ১০৭টি ফ্লাইট। এতে ১৬ হাজার ৬২০ জন যাত্রী ভোগান্তি ও অনিশ্চয়তার মুখে পড়েছেন। ক্ষতিগ্রস্ত ফ্লাইটগুলোর মধ্যে ৪৪টি সরাসরি এবং ৬৩টি ট্রানজিট ফ্লাইট।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১০টি এবং রিয়াদ এয়ারের ৭টি ফ্লাইট ব্যাহত হয়েছে।
এ ছাড়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালাম এয়ারের ৭টি, ফ্লাইদুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৪টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে।


ফ্লাইটের সময়সূচি পরিবর্তন ও বাতিলের কারণে সৌদি আরবগামী এবং দেশটি থেকে বাংলাদেশে ফেরার অপেক্ষায় থাকা যাত্রীরা পড়েছেন বিপাকে। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিশেষ করে ট্রানজিট ফ্লাইট ব্যাহত হওয়ায় বিকল্প পথে যাত্রা ও পরবর্তী সংযোগকারী ফ্লাইট নিয়ে জটিলতায় পড়ছেন অনেক যাত্রী।

বেবিচক জানিয়েছে, পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর সঙ্গে সমন্বয় করে ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণের কাজ চলছে। সৌদি আরবের বিমানবন্দরগুলোর পরিস্থিতির উন্নতি এবং বিধিনিষেধ শিথিল হওয়ার ওপরই ফ্লাইট চলাচল স্বাভাবিক হওয়া নির্ভর করছে।


