
ভ্রমণ শেষে ব্যাগ গোছাতে গিয়ে দেখা গেল—কাপড়চোপড়ের চেয়ে ছোট ছোট জিনিসই যেন বেশি! ফ্রিজ ম্যাগনেট, পোস্টকার্ড, কী-রিং, পুরোনো মুদ্রা কিংবা টিকিট—দাম কম হলেও এগুলো ফেলে দিতে মন চায় না। কারণ, এগুলো আর নিছক জিনিস নয়; প্রতিটির সঙ্গে জড়িয়ে থাকে একটি ভ্রমণের গল্প। গভীর কোনো স্মৃতি । আকারে ছোট মমতায় বড় ।


একটি নতুন শহর, নতুন মানুষ আর নতুন অভিজ্ঞতার স্মৃতি ধরে রাখতে পর্যটকেরা তাই সংগ্রহ করেন নানা ধরনের স্যুভেনির। কখনো নিজের জন্য, কখনো প্রিয়জনের জন্য। ছোট্ট একটি স্মারকই হয়ে ওঠে দূরের কোনো জায়গার সঙ্গে নিজের সম্পর্কের প্রতীক।বিশ্বের সবচেয়ে পরিচিত স্যুভেনিরগুলোর একটি ফ্রিজ ম্যাগনেট। কোনো শহরের নাম, জাতীয় প্রতীক কিংবা বিখ্যাত স্থাপনার ছবি থাকা এই ছোট্ট ম্যাগনেট ঘরের ফ্রিজে জায়গা করে নেয়। একইভাবে জনপ্রিয় কী-রিং ও পোস্টকার্ড। আকারে ছোট হওয়ায় সহজেই ব্যাগে জায়গা হয়, আবার দীর্ঘদিন সংরক্ষণও করা যায়।


অনেক পর্যটকের কাছে সবচেয়ে মূল্যবান স্যুভেনির আবার স্থানীয় মুদ্রা। ভ্রমণ শেষে অব্যবহৃত কয়েন কিংবা নোটের আর্থিক মূল্য হয়তো খুব বেশি নয়, কিন্তু সেই মুদ্রার সঙ্গে জড়িয়ে থাকে একটি দেশের স্মৃতি।দেশভেদে বদলে যায় স্যুভেনিরের ধরনও। জাপানে ঐতিহ্যবাহী পাখা কিংবা স্থানীয় নকশার সামগ্রী পর্যটকদের আকর্ষণ করে। তুরস্কে জনপ্রিয় নীল চোখের আকৃতির নজরবন্দ। মিশরে পিরামিডের ক্ষুদ্র প্রতিকৃতি, আর ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের ছোট মডেল পর্যটকদের ব্যাগে জায়গা করে নেয়।

আবার কোনো কোনো স্যুভেনির শুধু স্মৃতি নয়, একটি দেশের সংস্কৃতিরও প্রতিনিধিত্ব করে। স্থানীয় চা, কফি, মসলা, মধু, মাটির তৈরি সামগ্রী কিংবা হাতে তৈরি অলংকার—এসব পণ্যের মাধ্যমে পর্যটকেরা সঙ্গে করে নিয়ে যান সেই এলাকার স্বাদ ও ঐতিহ্যের খানিকটা।বাংলাদেশেও স্যুভেনিরের বৈচিত্র্য কম নয়।

জামদানি, নকশিকাঁথা, বাঁশ-বেতের হস্তশিল্প, মাটির তৈরি সামগ্রী কিংবা সুন্দরবনের মধু—এসব হতে পারে বাংলাদেশের ভ্রমণস্মৃতির অনন্য স্মারক। পাহাড়ি অঞ্চল থেকে পাওয়া হাতে তৈরি সামগ্রীও পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের। তবে এত ছবি আর ভিডিওর যুগে মানুষ কেন এখনো স্যুভেনির কেনেন?

কারণ, ছবি দেখা যায় কিন্তু একটি ছোট্ট স্মারক ছুঁয়ে দেখা যায়। পুরোনো একটি টিকিট হাতে নিলে মনে পড়ে যায় সেই যাত্রার কথা। ফ্রিজে লাগানো একটি ম্যাগনেট মনে করিয়ে দেয় দূরের কোনো শহরকে। আর একটি স্থানীয় হস্তশিল্প মনে করিয়ে দেয় সেই বাজার, সেই মানুষ আর সেই সংস্কৃতিকে।

তাই স্যুভেনিরের আসল মূল্য তার দামে নয়—তার সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতিতে।
ভ্রমণ শেষ হয়, মানুষ ফিরে আসে নিজের ঘরে। কিন্তু ব্যাগের এক কোণে থেকে যাওয়া ছোট্ট সেই জিনিসটি যেন বারবার বলে—কোনো একদিন, কোনো এক জায়গায়, এই স্মৃতিটুকু সত্যিই বেঁচে ছিল।


