
সাজেক ভ্যালিতে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে পর্যটকদের যাতায়াত। নিরাপত্তাজনিত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রোববার সন্ধ্যা ৬টা থেকে জেলা প্রশাসন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত গ্রহণ করে। রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, বর্তমানে সাজেক ভ্যালিতে অবস্থানরত সাড়ে তিন শতাধিক পর্যটককে আগামী ১৩ অক্টোবর, মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে হবে। পর্যটকদের সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

স্থানীয় দুই পাহাড়ি সংগঠন ‘সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন’ এবং ‘সাজেক গণ অধিকার রক্ষা কমিটি’র ডাকা সড়ক অবরোধকে কেন্দ্র করে তৈরি হয় চরম অস্থিরতা। তাদের দাবি, আঞ্চলিক সংগঠন জেএসএস (সন্তু লারমা) এলাকায় সশস্ত্র তৎপরতা ও স্থানীয়দের ভয়ভীতি দেখাচ্ছে। এর প্রতিবাদে রোববার সকাল ৬টা থেকে তারা সাজেক সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

অবরোধের কারণে খাগড়াছড়ি ও সাজেকমুখী শতাধিক পর্যটকবাহী গাড়িবহর মাচালং ও উজোবাজার এলাকায় দীর্ঘ তিন ঘণ্টা আটকে থাকে। পুলিশ ও সেনাবাহিনীর কার্যকর আলোচনা ও হস্তক্ষেপে বিকেল সাড়ে ৫টার দিকে বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, পাহাড়ি এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিবেশ সম্পূর্ণ স্বাভাবিক ও নিরাপদ হলে সাজেক ভ্যালি পুনরায় পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।


