
সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর বাংলাদেশ বিমানসহ চারটি এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী আটটি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে বিড়ম্বনায় পড়েছেন এসব ফ্লাইটের প্রায় তিন হাজার যাত্রী।
বাতিল হওয়া আটটি ফ্লাইটের মধ্যে বাংলাদেশ বিমানের দুটি ও ইউএস বাংলার একটি ফ্লাইট রয়েছে। আর সৌদি এয়ারলাইনসের রয়েছে তিনটি ও রিয়াদ এয়ারওয়েজের রয়েছে দুটি ফ্লাইট।
ফ্লাইট ব্যবস্থাপনা সংশ্লিষ্টদের তথ্যমতে, এসব ফ্লাইটে মোট যাত্রীর সংখ্যা ২ হাজার ৯৫১ জন।

গতকাল বৃহস্পতিবার কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩-এর ওপর একটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে। এ ঘটনায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হন।

এদিকে হামলার ঘটনায় কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা আগামীকাল সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টা পর্যন্ত বাড়ানো হয়েছে।
বিমানবন্দরটির কার্যক্রম পুনরায় স্বাভাবিক হওয়ার বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আগামীকাল ও পরদিন মঙ্গলবারের ঢাকা–রিয়াদ ও রিয়াদ–ঢাকা রুটের নির্ধারিত বিজি৩৩৯ ও বিজি৩৪০ ফ্লাইট দুটি স্থগিত করা হয়েছে। ফ্লাইট এবং সময়সূচি সম্পর্কে আগামীকাল বাংলাদেশ সময় দুপুর ১২টায় জানানো হবে।
ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস দুঃখ প্রকাশ করেছে।


