
ভ্রমনপিয়াসিদের আগ্রহের শহর থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে। কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে শহরের অনেক এলাকা এখন রাস্তাঘাট নয়, যেন স্থির পানির হ্রদে পরিণত হয়েছে। বন্যায় এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় শহরের ৫০টি জেলাতেই দুর্যোগ ঘোষণা করেছে সরকার।

সরকার জানিয়েছে, বন্যার কারণে কয়েক হাজার মানুষ শহরের ২৩০টির বেশি আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। মৃতদের অনেকে পানিতে ডুবে এবং কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

ব্যাংককের কিছু এলাকায় মাত্র দুই দিনে প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। লন্ডনে প্রায় ছয় মাসে যে পরিমাণ বৃষ্টি হয়, এই বৃষ্টির পরিমাণ তার প্রায় সমান।



