ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান করে নিয়েছে ভারতের বারাণসীর প্রাচীন বৌদ্ধ তীর্থস্থান ‘সারনাথ’। দক্ষিণ কোরিয়ার বুসানে আয়োজিত বিশ্ব ঐতিহ্য কমিটির ৪৮তম অধিবেশনে এই ঘোষণা দেয়া হয়।প্যারিসে ইউনেস্কোর ভারতের স্থায়ী প্রতিনিধিদল গত ২৫ জুলাই এক প্রেস রিলিজে এই ঐতিহাসিক অর্জনের কথা জানায়।এই অর্জনের জন্য ইউনেস্কোর ভারতের স্থায়ী প্রতিনিধি বিশাল ভি শর্মা বিশ্ব ঐতিহ্য সেন্টারকে ধন্যবাদ জানান।

বিশাল ভি শর্মা বলেন, সারনাথ সারা বিশ্বের প্রায় ৫০ কোটি বৌদ্ধ ধর্মাবলম্বীর জন্য একটি পবিত্র অনুধ্যানের স্থান। বুদ্ধের অহিংসা, সত্য এবং করুণার বাণী তরুণ প্রজন্মকে সবসময় দায়িত্বশীল বিশ্ব নাগরিক হতে অনুপ্রাণিত করে, যা ভারত ও ইউনেস্কোর শান্তি প্রতিষ্ঠার মূল লক্ষ্যের সাথে গভীরভাবে সামঞ্জস্যপূর্ণ।
ঐতিহাসিক বিচারে সারনাথ একটি অনন্য স্থান। বুদ্ধ দিব্যজ্ঞান লাভের পর এই সারনাথেই তাঁর প্রথম ধর্মোপদেশ দেন। এই ঘটনার মাধ্যমেই ‘ধর্মচক্র প্রবর্তন’ ঘটে এবং ‘বৌদ্ধ সংঘ’ যাত্রা শুরু করে। সারনাথে পাওয়া সম্রাট অশোকের ‘সিংহ চতুর্মুখ’ স্তম্ভটি ভারতের জাতীয় প্রতীক। এই আবিষ্কার স্থানটির ঐতিহাসিক মর্যাদাকে বহু গুণ বাড়িয়ে দিয়েছে।
নতুন এই স্বীকৃতির ফলে ভারতে এখন ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের সংখ্যা দাঁড়ালো ৪৫টিতে। এর মধ্যে ৩৭টি সাংস্কৃতিক, ৭টি প্রাকৃতিক এবং ১টি মিশ্র স্থান রয়েছে।

